আওয়ামী লীগকে ধ্বংস করতে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কাজ করে যাচ্ছে -------- শ ম রেজাউল করিম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫১

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ২০০১ সালের অক্টোবরে নির্বাচনের পর ভয়ংকর নৈরাজ্য কায়েম করেছিল তখনকার জামায়াত-বিএনপি জোট সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী ও প্রশাসন। সে সময়ে আওয়ামী লীগের ১ হাজার ১০০ লোককে হত্যা করা হয়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হয়। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দল ক্ষমতায় আছে বলেই সুসময়, এটা ভাবার কোনো কারণ নেই। কেননা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সবসময় একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কাজ করে যাচ্ছে। পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল। পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহসভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সহসভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। সম্মেলনে জাহাঙ্গীর হোসেন নান্নাকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও আমিরুল ইসলাম মিরন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।