মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কমান্ডার আবদুর রউফ ও শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশাসহ ৯ জন ব্যক্তি এবং ভারতেশ্বরী হোমসকে এবার স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এছাড়াও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও আজিজুর রহমান বাংলাদেশের বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন। চিকিত্সাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী এবং অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির পাচ্ছেন স্বাধীনতা পদক। শিক্ষায় ভারতেশ্বরী হোমসকে এই পদক দেওয়া হবে। এছাড়া সাহিত্যে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক বিতরণ করবেন
