কুরিয়ার সার্ভিসে অস্ত্র ও ইয়াবা পাঠিয়েছিলেন সেই এস আই

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৮

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার হওয়া পুলিশের এস আই আব্দুল জব্বার মাতব্বরকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে দারুস সালাম থানা এলাকার একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র ও মাদকের পৃথক আইনে দুইটি মামলা হয়।

দারুস সালাম থানার পরিদর্শক দুলাল হোসেন মামলায় দাবি করেন, কুরিয়ার সার্ভিসে পাঠানো আবদুল জলিল মাতব্বরের মালামাল দারুস সালাম এলাকায় আনলোডের সময় ফাইল কেবিনেটের ঝাঁকুনিতে তালা খুলে যায়। তখন ফাইল কেবিনেটের ড্রয়ারগুলো খুলে যায়। তখন মদের গন্ধ বের হয়। খোলা ড্রয়ারে দেখা যায় বিয়ার, ইয়াবা ও গুলি। কুরিয়ার সার্ভিসের লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে তিনি যান। কুরিয়ার সার্ভিসে পাঠানো অস্ত্র, ইয়াবা ও হেরোইন নিজের বলে দাবি করেন এস আই আব্দুল জলিল। জিজ্ঞাসাবাদে জলিল জানান, ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে মালামাল পাঠান তিনি। প্রাপক হিসেবেও নিজের নাম-ঠিকানা উল্লেখ করেন।