কর্মশালায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
এটুআই এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে গত রবিবার বিবিএস ভবনের সম্মেলন কক্ষে এসডিজি ট্রেকার বিষয়ক পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন তথ্য-উপাত্ত পরিসংখ্যানিকভাবে দৃশ্যমান করতে এবং সে অনুযায়ী সীমিত সম্পদের দক্ষ বণ্টন করার জন্য এটুআই প্রস্তুত করেছে এসডিজি ট্রেকার যা এটুআই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সাধারণ অর্থনীতি বিভাগ যৌথভাবে বাস্তবায়ন করেছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন এবং এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
সাজ্জাদুল হাসান বলেন, এসডিজি পরিবীক্ষণে ডাটা বা তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও কার্যক্রম পরিবীক্ষণের জন্য এসডিজি ট্রেকার একটি কার্যকর মাধ্যম হিসেবে বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বেও সমাদৃত হচ্ছে। সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য সঠিক নীতি নির্ধারণ এবং সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিতকল্পে তথ্যনির্ভর নীতি নির্ধারণে অনলাইন তথ্যভান্ডার নিশ্চিত করাই মূলত এই এসডিজি ট্রেকার এর মূল উদ্দেশ্য। সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিবিএস এবং তথ্য ও পরিসংখ্যান বিভাগ এসডিজি ট্রেকারের মাধ্যমে উন্নয়ন পর্যবেক্ষণে এটুআই এর সঙ্গে কাজ করা যাবে। এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি ট্রেকারটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন। আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে এর বিভিন্ন বিষয়ে মতামত নিচ্ছি।
