২০১৬ সালে উইকিলিকসের ফাঁস করা ডেমোক্র্যাটিক পার্টির ইমেইলের বিষয়ে রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এমন বিবৃতি দিলে তাকে ক্ষমা করা হবে; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন এক আইনজীবী। বুধবার লন্ডনের একটি আদালতে অ্যাসাঞ্জের মামলার শুনানিকালে তার পক্ষের আইনজীবী এ দাবি করেন।
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে কাছে হস্তান্তর করা হবে কি না, আগামী সপ্তাহে তা নিয়ে শুনানি শুরু হওয়ার কথা। ওই শুনানি পরিচালনা নিয়ে আইনজীবীরা আলোচনা করার সময় কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হন অ্যাসাঞ্জ। লন্ডনের ওয়েস্টমিনস্টার হাকিম আদালতে অ্যাসাঞ্জের ব্যারিস্টার এডওয়ার্ড ফিটজেরাল্ড বলেন, যুক্তরাষ্ট্রে সাবেক রিপাবলিকান প্রতিনিধি ডানা রোরাবাকার ২০১৭ সালে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন, ট্রাম্প ক্ষমা প্রস্তাব দিয়ে তাকে অ্যাসাঞ্জের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ফিটজেরাল্ডের এ দাবি অস্বীকার করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম।
