জার্মানিতে দুইটি বারে বন্দুকধারীর হামলা, নিহত ৯

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:১১

জার্মানির হানাও শহরের দুটি শিশাবারে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে এক উগ্র ডানপন্থি। নিহতদের অধিকাংশই বিদেশি বংশোদ্ভূত। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘হানাও শহরের শিশাবারে বুধবার রাতের হামলার সঙ্গে উগ্র ডানপন্থি চরমপন্থার যোগসূত্র আছে। অন্য জাতিসত্ত্বা, ধর্ম এবং চেহারার প্রতি বিদ্বেষ থেকে কট্টর-ডান চরমপন্থি হামলাকারী বর্ণবাদী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে এ মুহূর্তে নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘বর্ণবাদ একধরনের বিষ। এটি আমাদের সমাজে এখনো আছে।’ এদিকে, ফেডারেল কৌঁসুলিরা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবেই দেখছেন। বুধবার স্থানীয় সময় রাত দশটার দিকে হানাও শহরের একটি শিশাবার এবং পার্শ্ববর্তী ক্যাফেতে প্রবেশ করে গুলিবর্ষণ করে ৪৩ বছর বয়সী ওই বন্দুকধারী।

এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে একটি গাড়ি এবং স্পোর্টস বারেও হামলা চালায়। পরে হামলাকারীসহ তার মা-কে মৃত অবস্থায় একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। হামলায় নিহতদের মধ্যে অন্তত পাঁচজন তুর্কি নাগরিক বলে জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী কামাল আয়দিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে, ‘এ হামলা এটিই প্রমাণ করে যে, ইউরোপে বর্ণবাদ এবং ইসলামবিদ্বেষ বাড়ছে।’ স্থানীয় গণমাধ্যমে সন্দেহভাজন হামলাকারীকে জার্মান নাগরিক তোবাইস আর নামে চিহ্নিত করা হয়েছে। তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তার গাড়িতেও গোলাবারুদ এবং বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেছে। হামলাকারী অতীতে আরব এবং মুসলিম দেশগুলো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে এবং হামলার আগে একটি ভিডিও বার্তা  অনলাইনে পোস্ট করেছে।