বেনাপোল কাস্টমস কমিশনারের ফেসবুক স্ট্যাটাসে ‘করোনা রোগী’ শনাক্তের গুজব

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১

সারাবিশ্বে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু যশোরে খোদ এক সরকারি কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ নিয়ে গুজব ছড়িয়েছেন। বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী বেনাপোলে কনোরা রোগী শনাক্ত হয়েছে দাবি করে তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দেন।

এতে বেনাপোলসহ পুরো যশোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুততার সঙ্গে বিষয়টি যে গুজব তা প্রমাণিত হয়। তখন ঐ কর্মকর্তা তার ফেসবুকে ফের স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন। সিভিল সার্জন অফিস থেকে সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে জানানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কলকাতা ফেরত বন্ধন এক্সপ্রেসের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দাবি করা হয় ঐ ফেসবুক স্ট্যাটাসে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য বিভাগের টিম ঐ যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে তার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ পায়নি।

এ প্রসঙ্গে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল চৌধুরী সাংবাদিকদের বলেন, সচেতনতার জন্যই প্রথমে করোনা রোগী শনাক্তের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। পরে চিকিত্সক দল পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে ঐ যাত্রীর শরীরে করোনা ভাইরাস নেই। পরে আবার আপডেট স্ট্যাটাস দিয়েছি। উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াইনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চত করার জন্য আমরা তত্পর ছিলাম।

পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষাকারী শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আজিম উদ্দিন বলেন, ঐ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ও লক্ষণ পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরকেজি