চাঁপাইনবাবগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাকারী পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিসপুরে একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম ওরফে সাদ্দাম সাত বছরের শিশু মুসলেমা খাতুন রিমা ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত দিয়ে ভারতে পালানো চেষ্টা করছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটকের পর সে শিশু রিমাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ সেখানে পৌঁছামাত্রই তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় তরিকুল। পরে রাতে তরিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : ১৫২ স্কুল বন্ধ রেখে শিক্ষকদের পিকনিক!
প্রসঙ্গত গত সোমবার নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশবাগান থেকে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে। ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল রিমা। এ ঘটনায় নিহত রিমার বাবা রুহুল আমিন বাদী হয়ে বুধবার তরিকুলসহ পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পলাতক তরিকুলের বাড়ি থেকে নিহত রিমার পরনের প্যান্ট উদ্ধার করে পুলিশ।
ইত্তেফাক/এমআরএম
