করোনা ভাইরাস: চীনে নির্বিচারে চলছে পোষা প্রাণী হত্যা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯

করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনে নির্বিচারে চলছে পোষা প্রাণী হত্যা। চীনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণীদের হত্যা করছেন বলে খবরে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। 

করোনা ভাইরাস ছড়ানোর পর গতমাসে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ দাবি করেন, ভাইরাস প্রতিরোধে পোষা প্রাণীদেরও আলাদা করে রাখতে হবে। কারণ এদের থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছে। 

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের নানচংয়ের পেংআন শহরে সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে পোষা বিড়াল কুকুরকে হত্যা করতে দেখা গেছে। নানচং মিসিং অ্যানিমেল এইড গ্রপ নামের একটি সংগঠন দাবি করে,   সিচুয়ান প্রদেশে জোর করে মানুষের কাছ থেকে পোষা প্রাণী নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। এছাড়া চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতেও নির্মমভাবে প্রাণী হত্যার বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট দেখা গেছে। সেখানে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি রক্তাক্ত কুকুরকে ট্রাকের পেছনে রেখে নিয়ে যাওয়া হচ্ছে। 

এর আগে গত সপ্তাহেও চীনের নানচং প্রদেশে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করার ফুটেজ প্রকাশিত হয়েছিল। প্রাণী অধিকার সংস্থাগুলো করোনা ভাইরাসের নামে প্রাণী হত্যা বন্ধের জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে।  চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২হাজার ২শ৩৬ জনে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর