ভারতের দুশ্চিন্তা উদ্বোধনী জুটি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

মেলবোর্ন টেস্ট

দায়িত্ব ও জবাবদিহিতা টপ অর্ডারকে  নিতে হবে।  তাদের অভিজ্ঞতা আছে, গত কয়েক বছর যাবত্ সুযোগ পেয়েছে এবং ভালো করেছে। এখন বিষয়টা হচ্ছে আপনি  মানসিকভাবে  কতটা শক্ত।’

রবি শাস্ত্রী

মুরালি বিজয় ও লোকেশ রাহুল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টেই ব্যর্থ হয়েছেন। ইনজুরির কারণে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পৃথ্বী শ। ফলে, ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এই দুশ্চিন্তা নিয়েই আগামীকাল বক্সিং ডে-তে মেলবোর্নে মাঠে নামছে বিরাট কোহলির দল।

পৃথ্বী শ’র বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম করা মায়াঙ্ক আগারওয়ালকে। তাঁর অভিষেক হয়ে যাওয়াটা মোটামুটি চূড়ান্ত। যদিও, কোচ রবি শাস্ত্রীর কপালের দুশ্চিন্তার ভাঁজ অবশ্য কমছে না।

তিনি বলেন, ‘এটা বড় দুশ্চিন্তা এটা না বলে দিলেই না যে, দায়িত্ব ও জবাবদিহিতা টপ অর্ডারকে  নিতে হবে।  তাদের অভিজ্ঞতা আছে, গত কয়েক বছর যাবত্ সুযোগ পেয়েছে এবং ভালো করেছে। এখন বিষয়টা হচ্ছে আপনি  মানসিকভাবে  কতটা শক্ত।’

কালই মায়াঙ্গ আগারওয়ালের অভিষেক হয়ে যাবে কি না? —এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী জানান আগামী ২৪ ঘণ্টার মধ্যে টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘ও খুবই ভালো একজন তরুণ খেলোয়াড়, ভারতীয় এ দলের হয়ে সে ভালো রান পেয়েছে। সে বিবেচনায়ই দলে সুযোগ পেয়েছে। আপনি তার ঘরোয়া রেকর্ডের দিকে দৃষ্টি দিলে দেখবেন, যে কারও চেয়ে তার পারফরমেন্স ভালো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের এ সিদ্ধান্তটি নিতে হবে।’

কেবল উদ্বোধনী জুটি নয় ভারতীয় দলে রয়েছে ইনজুরি সমস্যাও। বুধবার মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের আগে দলের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইনজুরি নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। পরাজিত হওয়া দ্বিতীয় ম্যাচে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন অশ্বিন।

 ইনজুরি সমস্যা রয়েছে রবীন্দ্র জাদেজারও। তবে কোমরের ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট মিস করা রোহিত শর্মা  পুনরায় ফিটনেস ফিরে পেয়েছেন। শাস্ত্রী বলেন, ‘রোহিতের যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তারপরও আমরা আগামীকাল তাকে পরীক্ষা করব। তবে  আজ তাকে বেশ ভালো মনে হয়েছে।’

মেলবোর্নে অশ্বিনের যথার্থ বদলি হতে পারতেন জাদেজা। তবে অস্ট্রেলিয়া আসার পরপরই  জাদেজাকে ব্যথা কমার ইনজেকশন নিতে হয়েছে জানান শাস্ত্রী। তিনি বলেন, ‘পার্থ টেস্টে সে ৭০-৮০ শতাংশ ফিট ছিল এবং সেভাবে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেইনি। এখানে ৮০ শতাংশ ফিট থাকলে সে খেলবে। ইনজেকশন নিয়ে সে ভারতে ঘরোয়া ক্রিকেট খেলেছে।

ভারতীয় দলের জন্য সুখবর হচ্ছে প্রথম দুই টেস্ট মিস করা হার্ডিক পান্ডিয়াকে ফিট ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তবে অস্ট্রেলিয়া দলের দুই ব্যাটিং পাওয়ার হাউজ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এবার সিরিজ জয়ের আশা করছে উপমহাদেশের দলটি। সিরিজে এখন ১-১ সমতা। কাল থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে যারা জিতবে তারা অন্তত সিরিজ হারটা এড়াতে পারবে।