‘ম্যানইউর জন্য জিদানই সেরা’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

স্পোর্টস ডেস্ক

হোসে মরিনহো বরখাস্ত হবার পর স্থায়ী কোচের সন্ধানে নেমে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দলের ভবিষ্যত্ কোচ হিসেবে জিনেদিন জিদানকেই সেরা পছন্দ বলে মানছেন দলটির সাবেক ফরোয়ার্ড এবং ‘জিজু’র সাবেক সতীর্থ লুইস সাহা।

গত মৌসুমে তৃতীয় হয়ে লিগ শেষ করলেও এই মৌসুমের রীতিমতো ধুঁকছিলো মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। যার ফলে বেশ চাপে ছিলেন পর্তুগীজ কোচ। তবে মরিনহোর কফিনে শেষ পেরেকটি ঠোকে লিভারপুলের কাছে হার। অ্যানফিল্ডে ৩-১ গোলের হারের একদিন পরই তাকে বরখাস্ত করে ইউনাইটেড। এর কিছুক্ষণ পর উলে গানার সোলসারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাকি মৌসুমের দায়িত্ব বুঝিয়ে দিলেও স্থায়ী কোচের সন্ধানে এখনো মাঠে আছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইংলিশ গণমাধ্যমে জোর গুঞ্জন ২০১৯-২০ মৌসুমে দলের কোচ হয়ে আসতে পারেন টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো। তবে রিয়াল মাদ্রিদকে টানা তিন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক কোচ জিদানও আছেন এই তালিকায়।

অমনিস্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে সাহা ইউনাইটেডের ভবিষ্যত্ কোচ হিসেবে জিদানের পক্ষেই মত দিলেন। তিনি বলেন, ‘একজন ব্যক্তি হিসেবেও আমি সবসময়ই জিদানের পক্ষে। সে একজন অতি অসাধারণ ও ব্যতিক্রম একজন খেলোয়াড়, কোচ ও সর্বোপরি একজন ভাল মানুষ।’

সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড আরও বলেন, ‘খেলোয়াড়দের সাথে তার বোঝাপড়া সবসময়ই দারুণ। আমি যখন তাকে কথা বলতে দেখি, সেটা তার এক অনন্য গুণ।’

ফুটবলের প্রতি জিদানের ভালবাসা এবং কৌশলগত মুন্সিয়ানা সম্পর্কে সাহা বলেন, ‘সে ফুটবলেই বাঁচে, সে ফুটবল-অন্তঃপ্রাণ একজন মানুষ। সাথে সাথে তার এমন সব গুণ রয়েছে যা সত্যিই প্রশংসনীয়। আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সে কিভাবে ভারসাম্য গড়ে তুলতে হয় তা সে ভালোভাবেই জানে। রিয়াল মাদ্রিদে তার হাতে তিনজন আক্রমণাত্মক দানব ছিলো। এবং তাদেরকে রক্ষণের সঙ্গে সম্পর্ক গড়তে সাহায্য করতে হয়েছিলো তাকে। এটা অনেক বড় ব্যাপার!’

তার এসব গুণের কারণেই সাহা মনে করেন ইংলিশ পরাশক্তিদের জন্য জিদানই হবেন সেরা কোচ। সাহার ভাষায়, ‘আমার মতে এই মুহূর্তে ইউনাইটেডে তার থেকে ভাল কোচ আর কেউ হতে পারে না। আমি মনে করি সে সমর্থকদেরও সহযোগিতা পাবে। একইসাথে স্টাফ ও সভাপতিরও, কারণ এটা তার প্রাপ্য। এবং আমরা তাকে পর্যাপ্ত সময়ও দেবো।’

তবে অন্তর্বর্তীকালীন কোচ সোলসারের অধীনে প্রথম ম্যাচেই অসাধারণ এক জয় পেয়েছে রেড ডেভিলরা। কার্ডিফ সিটির মাঠে তাদের হারিয়েছে ৫-১ গোলে। ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসনের চলে যাওয়ার পর এই প্রথম ম্যাচে পাঁচ গোলের দেখা পেয়েছে দলটি। 

এমন জয়ে অবশ্য পয়েন্ট তালিকায় ম্যানইউর অবস্থানে হেরফের হয়নি, এখনও আছে ষষ্ঠ স্থানে। তবে এই জয় শীর্ষ চারের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে আটে। আগামীকাল বক্সিং ডেতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ডের মুখোমুখি হবে সোলসারের শিষ্যরা।