এভারটনকে উড়িয়ে ৪০-এ টটেনহ্যাম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী টটেনহ্যাম হটস্পার্স ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে। ফলে এ মৌসুমে তৃতীয় দল হিসেবে বড়দিনের আগেই ৪০ পয়েন্ট অর্জন করলো কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে এমন জয়ের পরেও এখনই শিরোপার দৌড়ে নিজেদের অগ্রগণ্য বলে মানছেন না কোচ পচেত্তিনো। বরং প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান তিনি। 

এভারটনের মাঠে শুরুতে গোল হজম করে বসে পচেত্তিনোর শিষ্যরা। ২১ মিনিটে গোলটি করেন থিও ওয়ালকট। ২৭ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সন হিউং মিন। এর মিনিট সাতেক পর ডেলে আলির গোলে এগিয়ে যায় তারা। ৪২ মিনিটে হ্যারি কেইন গোল করলে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেন স্পারদের গোলোত্সবে যোগ দেন। ৫২ মিনিটে মিনিটে গিলফি সিগুর্ডসনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। কিন্তু এরপর তাদের সে সম্ভাবনা ভেস্তে দেয় কেইন এবং সনের ব্যক্তিগত দ্বিতীয় গোল। ৬-২ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর দল।

এই জয়ের ফলে ১৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে পচেত্তিনোর শিষ্যরা। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে দলটির পয়েন্ট পার্থক্য রয়ে গেছে ছয়েই। 

তালিকার শীর্ষে থাকা দুই দলকেই শিরোপার দৌড়ে এগিয়ে রেখে পচেত্তিনো বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির শিরোপার প্রকৃত দাবীদার। তারপর আমাদের অবস্থান। চেলসি, আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডও আছে আমাদের সঙ্গে। প্রকৃত দাবীদার হতে গেলে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।’

প্রকৃত দাবীদার হতে দলকে ধারাবাহিক হতে হবে বলে মনে করেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘অবশ্যই ফুটবল ধারাবাহিকতার খেলা। আজ রাতে আমরা যেমন খেললাম তেমন যদি খেলতে পারি তবে আমি মনে করি হ্যাঁ! সম্ভবত এপ্রিলের দিকে নিজেদেরকে শিরোপা প্রত্যাশী বলতে পারবো কিন্তু আমাদের সামনে অনেক বড় একটা পথ পড়ে আছে।’   

আপাতত প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান টটেনহ্যাম কোচ। তিনি বলেন, ‘আমরা কাছাকাছিই আছি কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে অনেক যুদ্ধ করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক বড় পথ পাড়ি দিতে হবে এবং ধারাবাহিক হতে হবে।’