খুলনায় কমিউটার ট্রেনে কাটা পড়ে খুবির সাবেক শিক্ষক নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২

খুলনায় বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সাবেক প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া (৬৬) নিহত হয়েছেন। শনিবার সকাল পৌঁনে ৭টার দিকে খুলনা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান জানান, সকাল পৌঁনে ৭টার দিকে খুলনা রেল স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নীচে পড়ে গেলে ট্রেনের চাকায় শরীর থেকে তার হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন : নাটোরে ট্রাকচাপায় নিহত ২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, সকালে প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তিনি বেনাপোলগামী কমিউটার ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি আরও জানান, প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সদ্য অবসর নিয়েছেন। তিনি পরিবারসহ নগরীর নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন।

ইত্তেফাক/এমআরএম