ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
দেশের গণতন্ত্র উদ্ধার ও জঙ্গিবাদ ঠেকাতে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী।
সোমবার বিকালে উপজেলা জাকের পার্টি ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ কুড়িগ্রাম-১ আসনে এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
উপজেলা জাকের পার্টির সভাপতি রেজওয়ানুর রহমান রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ও কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হাই মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, সারা দেশের সম্পদ কতিপয় মানুষের কাছে কুক্ষিগত রয়েছে। জাকের পর্টি ক্ষমতায় এলে এসকল সম্পদের সুষ্ঠু বণ্টন করা হবে। তিনি বলেন, যে উদ্দেশ্যে এদেশ স্বাধীন হয়েছে তা এখনো বাস্তবায়ন হয় নাই। গণতন্ত্র এখন বাক্স বন্দি, মানুষের মুখে হাসি নাই। মাদক মুক্ত সমাজ, মানবিক রাষ্ট্র নির্মাণ, বেকারদের কর্মসংস্থান, প্রচার মাধ্যমের স্বাধীনতা ও মৃত্যুদণ্ডের বিধান তুলে দেবার লক্ষ্যে জাকের পার্টি নির্বাচনে অংশ নিয়েছে।
