নীলফামারী প্রতিনিধি
শেষ সময়ে নীলফামারী দুই সদর আসনে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা। শহর কিংবা গ্রাম বিভিন্ন পাড়া-মহল্লার অলিতে-গলিতে প্রার্থীরা ভোটারদের হাতে তাদের নিজ নিজ প্রতীক দিয়ে ভোট চাইছেন। প্রচারণায় নেমেছেন যুবক-বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী এলাকায় নৌকা ও ধানের শীষ প্রতীকে পোস্টার, ব্যানার ও সামাজিক মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালাচ্ছেন। শেষ সময়ে বিভিন্ন স্থানে প্রার্থীরা সংক্ষিপ্ত মতবিনিময় সভা ও উঠান বৈঠক করে চলেছে। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি।
নীলফামারী-২ সদর আসনটিতে মহাজোটের একক প্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব তিনবারের এমপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ আসনটিতে মোট প্রার্থী পাঁচজন। আসাদুজ্জামান নূরের জনসমর্থন থাকলেও এখন প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু। তার প্রচার-প্রচারণা তেমন একটি চোখে পড়ে না। তবে শহরের বিভিন্ন এলাকায় নূরের প্রচারণাই সবচেয়ে বেশি। এছাড়াও কাজ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকসহ বিভিন্ন নেতা-কর্মী। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, এ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
