এপনিকের নির্বাহী কমিটিতে বাংলাদেশি সুমন আহমেদ সাবির

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর নির্বাহী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশের ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির।

আগে থেকেই সংগঠনটির পলিসি চেয়ার হিসেবে কাজ করছিলেন সুমন আহমেদ সাবির। নির্বাচনে তিনি চার হাজার ১৩৫ ভোট পেয়েছেন। 

শুক্রবার এপনিকের ৪৯তম সম্মেলনের শেষ দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শুরু হয়। আর নির্বাচনে মোট প্রার্থী ছিলেন চারজন। সুমন আহমেদ সাবির সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য সংগঠনটিতে দায়িত্ব পালন করবেন। তবে এখনো নির্বাহী কমিটির পদ বন্টন অনুষ্ঠিত হয়নি। এপনিকের এজিএম ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। 

নির্বাহী কমিটিতে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে সুমন আহমেদ সাবির এবং আচিয়ি আতিয়েঞ্জা প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কাম সু ইয়েং দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। সম্মেলনটি শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। শেষ হয়েছে গতকাল শুক্রবার।