জয়পুরহাট প্রতিনিধি
জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাড. সামছুল আলম দুদু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘আমাদের জাতীয় চেতনায় নজরুল’ বিষয়ের ওপর মুখ্য আলোচক ছিলেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রাবন্ধিক ও ছড়াকার ড. মুহম্মদ হায়দার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।
এর আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি চত্বরে গ্রন্থমেলাসহ ‘নজরুল-জীবন পরিক্রমা’ তথ্যচিত্র প্রদর্শীনর ব্যবস্থা করা হয়েছে।
