বদলগাছীর ছোটো যমুনায় হচ্ছে চাষাবাদ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছীতে ছোটো যমুনা নদীর পানি শুকিয়ে গেছে কোথাও কোথাও। এ নদী খালের রূপ ধারণ করে কোথাও কোথাও চরে পরিণত হয়েছে। চর পড়া স্থানে এখন হচ্ছে বোরো চাষ। দেখা গেছে, ছোটো যমুনা নদীতে বর্ষার মৌসুমে এক-দুই মাস জোয়ার থাকে। বিগত কয়েক বছর থেকে ছোটো যমুনা নদী আগাম শুকিয়ে যাওয়ায় বোরো ধানসহ বিভিন্ন ফসল করছে স্থানীয় ভূমিহীন কৃষকরা।

বদলগাছীর কাদিবাড়ী ঘাটে প্রবীণ সাধু মাঝি বলেন, নদীতে আগের মতো জল নেই। বিভিন্ন জায়গায় চর পড়ে গেছে। জল না থাকায় নৌকা চালানো যাচ্ছে না। তেজাপাড়া গ্রামের আশাফউদ্দীন, মজিবর রহমান, ভুট্টুসহ অনেকেই বলেন, আমরা নদী শুকনো পেয়ে শুধু বোরো মৌসুমে ধান চাষ করি। উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী বলেন, উপজেলাতে ছোটো যমুনা নদীতে প্রায় ১৫ থেকে ১৮ হেক্টর চরে ধান চাষ হয়েছে। তাই সচেতন মহলের অভিমত : ছোটো যমুনাকে বাঁচাতে হবে। খননের মধ্য দিয়ে নদীর নাব্য ফিরিয়ে আনতে হবে।