পুলিশের অভিযান
বরিশাল অফিস
বরিশাল নগরীর রূপাতলীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে একটি এলপিজি স্টেশনে অবৈধভাবে গ্যাস মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানার পুলিশ ঐ এলপিজি স্টেশনে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস নামের স্টেশনে অবৈধভাবে এলপি গ্যাস মজুত ও বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাগজপত্র তলব করেছে। কাগজপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিস্ফোরক অধিদপ্তরের প্রধান মঞ্জুরুল হাফিজ জানান, জনবসতি থেকে নির্ধারিত দূরত্বে গ্যাস মজুতের ট্যাংকি স্থাপন করতে হবে। কিন্তু তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস স্টেশনের অনুমোদিত নকশা অনুযায়ী ট্যাংকি স্থাপন না করায় তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। নকশা সংশোধন না করলে তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না। অবৈধভাবে গ্যাস মজুত কিংবা বিক্রির অভিযোগ থাকলে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, অবৈধভাবে গ্যাস মজুত ও বিক্রির অভিযোগ খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
