নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে চাঁদা না দেওয়ায় ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত নিকাহ্ রেজিস্ট্রার নুরুল আলম ভুঁইয়া ঢালুয়া ইউনিয়নের মগুয়া গ্রামের নুরুল হক ভুঁইয়ার ছেলে।
আহত নিকাহ্ রেজিস্ট্রার বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে, আমার কাছে এখন টাকা নেই, পরে দিব বললে তারা ক্ষিপ্ত হয়। পরদিন শনিবার সকাল ৮টার দিকে আমি মত্স্য প্রজেক্টে কাজ করার সময় মগুয়া গ্রামের কয়েক জন যুবক আমার ওপর হামলা চালায়। তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
