চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন খুবির সাবেক শিক্ষক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

খুলনা অফিস

খুলনায় বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মিজানুর রহমান ভুঁইয়া (৬৬) মারা গেছেন। শনিবার সকাল পৌনে সাতটার দিকে খুলনা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সদ্য অবসর নিয়েছেন।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান জানান, সকাল পৌনে সাতটার দিকে খুলনা রেল স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় প্রফেসর ড. মিজানুর রহমান ভুঁইয়া দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে হাত ও পা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।