তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরমান সাহা (১৪) নামের এক কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ফরমান সাহা তানোর পৌরশহরের গোল্লাপাড়া এলাকার ফজর সাহার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ফরমান এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। অনুষ্ঠানস্থলের মঞ্চে থাকা ইউএনওকে ঐ ছাত্রী ও তার বাবা তাত্ক্ষণিক বিষয়টি অবহিত করে। সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। এ সময় অভিযুক্ত ফরমানকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
