টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী জহির

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

অনেক জল্পনা-কল্পনা ও নানা নাটকীয়তার পর অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) মোঃ জহিরুল ইসলাম জহির। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে আসায় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থীর বিজয় এখন নিশ্চিত বলে কর্মী সমর্থক ও ভোটারগণ জানিয়েছেন। জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে গেলেও মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ একাব্বর হোসেনের নৌকার পক্ষে একজোট হয়ে মাঠে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। জহিরুল ইসলাম জহির জাতীয় পার্টির প্রার্থী হলেও তিনি এখন পর্যন্ত মির্জাপুরে কোনো পোস্টার ও প্রচারণা চালাননি।

গতকাল সোমবার জাতীয় পার্টির নেতৃবৃন্দ জানান, লাঙ্গল প্রতীক না মহাজোটের পক্ষে নির্বাচন করবেন এ নিয়ে গত রবিবার উপজেলা জাতীয় পার্টি মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জরুরি সভার আয়োজন করে। সভায় পৌরসভা ও ১৪ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপপিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি মোঃ আবু আহমেদ। বক্তব্য রাখেন— পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইদ আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ছিবার উদ্দিন ছিবার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রার্থী মোঃ জাহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ শামীম আল মামুন এবং আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহেল শাফী প্রমুখ। আলোচনা সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ একাব্বর হোসেনের নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।