ঝিনাইদহে বিপি দিবস পালিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে স্কাউটসের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৩তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। জেলা স্কাউটসের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা স্কাউটসের সম্পাদক মহিউদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাংনি ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড এই মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সরওয়ারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক খোরশেদ আলম ও উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন।
আন্তর্জাতিক চারুকলা উত্সবের উদ্বোধন ২৭ ফেব্রুয়ারি
নীলফামারী প্রতিনিধি নীলফামারীর পর্যটন কেন্দ্র “নীলসাগরে” শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক চারুকলা উত্সব। আগামী ২৭ ফেব্রুয়ারি উত্সবের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। শনিবার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তর্জাতিক চারুকলা উত্সবের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক শিল্পী মো. ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও প্রধান পৃষ্ঠপোষক আসাদুজ্জামান নুর এমপি।
জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
নাটোর প্রতিনিধি ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি শুরু হতে যাওয়া জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। ইউসিস ও জোনাল অফিসারদের দুই দিনের প্রশিক্ষণে মোট ২১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক দিলীপ কুমার।
ঝালকাঠিতে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট শুরু
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চারটি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট। শনিবার উদ্বোধনী দিনে সরকারি উচ্চ বিদ্যালয় সাত উইকেটে স্থানীয় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সকাল ৯টায় ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
স্কাউট দিবস পালন
জয়পুরহাট প্রতিনিধি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মদিন ও স্কাউট দিবস-২০২০ উপলক্ষ্যে জয়পুরহাটে শনিবার শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শহিদ ডা. আবুল কাশেম ময়দানে শেষ হয়। সেখানে বিপির জন্মদিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে উল্লাপাড়া টি-১০ ক্রিকেট
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে শনিবার উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। সকালে কলেজ মাঠে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম টর্নামেন্টের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্ব করেন। উদ্বোধনী খেলায় ডিগ্রি পাসকোর্স ক্রিকেট একাদশ ৩৪ রানে গণিত বিভাগ ক্রিকেট একাদশকে পরাজিত করে।
আঁচল মা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা উপজেলা অডিটোরিয়ামে শনিবার আঁচল মা ও শিশুদের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এসিল্যান্ড মো. ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন সিআইপি আর বি’র নির্বাহী পরিচালক ডা. এ কে এম ফজলুল রহমান।
ভোলায় সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভোলায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। শনিবার ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। এসময় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিঞা।
কনসালটেশন সেন্টারের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে মানসম্মত স্বাস্থ্য সেবা ও চিকিত্সা প্রদানের লক্ষ্যে মণ্ডল মেডিক্যাল অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে এই সেন্টারের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। দিনব্যাপী ফ্রি চিকিত্সা দেন ডা. হাসিবুল ইসলাম।
তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রি কলেজ মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা। ছাইকোলা পল্লী উন্নয়ন সাহিত্য পরিষদ এই বইমেলার আয়োজক। শুক্রবার সকালে বইমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার। আজ রবিবার মেলা শেষ হবে।
শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে শনিবার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় সেমিনার হলে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বড়াল।
কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে শনিবার ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক জুটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম ও কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রকল্প প্রধান ওমর ফারুক।
চুয়াডাঙ্গায় জাসদের জেলা কাউন্সিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি সবেদ আলী। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
