ডজন গোলে বসুন্ধরার জয়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

নারী ফুটবল লিগের

উদ্বোধনেই দুই হ্যাটট্টিক

 সোহেল সারোয়ার

কমলাপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি উন্নয়নে সংস্কার কাজ চলছে। চারদিকে রড, সিমেন্ট, ইট, কাঠ, তারকাটা, সুরকি, বালু ছড়িয়ে-ছিটিয়ে। নারী ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বসার স্থানও নেই। নির্মাণ শ্রমিকরা ছাদ ঢালাইয়ের জন্য রড বাঁধছিলেন। ততক্ষণে সাত দল নিয়ে তৃতীয় নারী লিগের উদ্বোধন সম্পন্ন।

বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের খেলাটি শুরুর পর গোলও হয়ে গেছে। প্রথম আক্রমণেই ৫০তম সেকেন্ডে বসুন্ধরা অধিনায়ক সাবিনা খাতুন গোল করলেন। গ্যালারিতে বসুন্ধরার সমর্থকরা ঢোলবাদ্য বাজিয়ে কাঁপিয়ে তুললেন। নির্মাণ শ্রমিকদের কাজও থমকে গেল। গোলের পর গোল, বসুন্ধরা যেন উত্সবে নামল। আশপাশে বাড়ির ছাদেও দর্শক জমল।

বসুন্ধরা গতকাল খেলাটিতে ১২-০ গোলে জিতল। অধিনায়ক সাবিনা খাতুন (৩) এবং কৃষ্ণা রাণী সরকার (৪) হ্যাটট্রিক করলেন। মৌসুমী দুটি এবং শিউলী, নারগিস ও মারিয়া অপর গোলগুলো করলেন। আনোয়ারার মেয়েরা হেরে মাঠেই কান্নায় ভেঙে পড়ল।

প্রথমার্ধে ৫-০। বাকি ৭ গোল দ্বিতীয়ার্ধে। একপেশে এই খেলায় শেষদিকে দমও পাচ্ছিল না আনোয়ারা স্পোর্টিংয়ের মেয়েরা। সানজিদা, কৃষ্ণা, সাবিনারা পেশাদারী কাঠামোয় গড়ে উঠছেন। আর আনোয়ারার খেলোয়াড়রা সৌখিন। কয়েকজন বয়স ভিত্তিক জাতীয় দলে খেললেও বিভিন্ন সময় বাফুফের অনুশীলনে মান উন্নত না হওয়ায় ক্যাম্প থেকে বিদায় নিতে হয়েছিল।   

বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের গোলকিপার তাহেরা খাতুন প্রথমবার খেলতে নেমেও দারুণ খেলেছেন বলে ব্যবধানটা আর বড়ো হয়নি। বসুন্ধরা কিংস দেশের ফুটবলে শক্তিশালী সংগঠন। নারী জাতীয় ফুটবল দলের ২৪ জনের মধ্যে ১৮ জনই তাদের। গোলকিপার রূপনা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমাকে জনপ্রতি পাঁচ লাখ ১০ হাজার টাকা পারিশ্রমিক দিয়েছে। অধিনায়ক সাবিনা পাঁচ লাখ, অন্যরা সাড়ে তিন, কেউ দুই লাখ টাকায়ও বড়ো দলে খেলছেন।

প্রতিপক্ষ আনোয়ারা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা ১০ থেকে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পান। উত্তরার ১৮ নম্বর সেক্টরে তাদের ক্যাম্প। ক্লাবের সভাপতি এআর আলমগীর জানালেন ম্যাচের আগের দিন মেয়েরা ক্যাম্পে এসেছে। তার মায়ের নামে এই দল। এখন ৮২ বছর বয়স, থাকেন মোহাম্মদপুরে।

জীবনের শুরুতে নারী উন্নয়নে কাজ করতে গিয়ে নানাভাবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন বেগম আনোয়ারা। দাউদকান্দির তিতাস উপজেলায় প্রথম স্কুল খুলেছিলেন বলে জানালেন তার বড়ো পুত্র আলমগীর। বললেন, ‘মাকে স্মৃতির মনিকোঠায় রাখতেই তার সংগঠন করেছি। পরিবারের টাকায় চলে এই সংগঠন।’

বসুন্ধরা কিংস : রূপনা, শিউলী, নীলা, মাসুরা, মনিকা, মনিকা, সানজিদা, সাবিনা, মৌসুমী, মারিয়া, কৃষ্ণা,  মাহমুদা, তহুরা, রিপা, সামসুন নাহার, অফিদা, আঁখী, মুন্নি, লিপি, ইতি, আরিফা, রূপা ও রাণী।

বেগম আনোয়ারা : তাহেরা, বর্ণা, স্বপ্না, সাদিয়া, বেশাখী, সিনথিয়া, মরিয়ম, রেখা, দীপা, মল্লিকা, রুমা, লিজা, ইলা, রাজিয়া, ইরা, মিমি, খাদিজা, কোকিলা, সোরেন, আশা। রেফারি : জয়া চাকমা।

আজকের খেলা : কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাড়া একাদশ এবং স্পারটন ও নাসরিন একাডেমি (১২টা, ৩টা, কমলাপুর স্টেডিয়াম)।