স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিং সম্প্রতি এক সাক্ষাত্কারে রিয়াল মাদ্রিদের খোলাখুলি প্রশংসা করায় নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে। কোচ পেপ গার্দিওলা আসছে দলবদলে ইংলিশ ফরোয়ার্ডকে ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে জানালেন, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা কোনো খেলোয়াড়ে আগ্রহ দেখালে রীতিমতো কাঁপে ইউরোপীয় দলগুলো।
দিনদুয়েক আগে কোচ স্টার্লিং স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাত্কারে রিয়াল মাদ্রিদের প্রশংসায় বলেন, ‘এখন আমি সিটিতে আছি এবং সুখেই আছি। কিন্তু আমি বলি, রিয়াল দুর্দান্ত একটি ক্লাব।’ সাক্ষাত্কারে ‘নতুন চ্যালেঞ্জ’ নেওয়ার আগ্রহও দেখান তিনি।
আর তাতেই গুঞ্জনের আগুনে পড়েছে ঘি। এর প্রতিক্রিয়ায় গার্দিওলা অবশ্য উদারনীতিই অবলম্বন করলেন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা যাভাবে তা বলার অধিকার তাদের। তারা কী বলবে তা ঠিক করে দেওয়ার কাজ আমাদের নয়।’ স্প্যানিশ এই কোচ ব্যাপারটাকে সাধারণ হিসেবে দেখে আস্থা রাখেন দলের প্রতি খেলোয়াড়দের নিবেদনের ওপর।
তবে দলের খেলোয়াড়দের ওপর রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার আগ্রহে যারপরনাই ভয় গার্দিওলার। সিটি কোচের ভাষ্য, ‘সব ক্লাবকেই জানতে হবে যে যখন রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা দরজায় কড়া নাড়ে তখন অন্য ক্লাবগুলো কাঁপে। কিছুটা হলেও সমস্যায় তো পড়বেই। ইতিহাস আর নিজেদের শ্রেষ্ঠত্বের কারণে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সম্ভবত সবচেয়ে শক্তিশালী ক্লাবও।’
আরেক ইউরোপীয় সংবাদ মাধ্যম গোল ডটকম জানাচ্ছে, আরেক সিটি ফরোয়ার্ড বার্নার্ডো সিলভায় আগ্রহী বার্সেলোনা। নেইমারের প্রস্থানের পর থেকে উসমান দেম্বেলে কিংবা ফেলিপে কোটিনহোদের দলে ভেড়ালেও ব্রাজিলীয় তারকার যথার্থ বিকল্প পায়নি উইঙ্গারের খোঁজে হন্যে হয়ে ঘোরা কাতালান দলটি।
পর্তুগিজ সিলভাকে দিয়ে সে বিকল্প খোঁজার মিশনে আরেকটা চেষ্টা চালাতে চায় বার্সা, এমনই গুঞ্জন ছড়াচ্ছে ইংলিশ গণমাধ্যমে। স্টার্লিং কিংবা সিলভার দুটো গুঞ্জন বাস্তবে রূপ নিলে কঠিন এক সময়ই পার করতে হবে সিটিকে।
