সারাদেশের খে লা ধু লা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে

বরিশালে হাফ ম্যারাথনে

জয়ী ওয়াশিউর

 বরিশাল অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত বরিশাল ম্যারাথনে হাফ ম্যারাথনে ওয়াশিউর রহমান প্রথম, রানা রহমান দ্বিতীয় ও শোভন মিত্র তৃতীয় হয়েছেন। অপরদিকে পাওয়ার রান ক্যাটাগরিতে শেখ জহিরুল ইসলাম প্রথম, ডা. প্রণব কুমার সাহা দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন আবদুল্লাহ সজল।

গতকাল শনিবার সকালে বিজ্ঞান সংগঠন কসমিক কালচারের আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানান বয়সের ১৩০ জন পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও দৌড় সম্পন্নকারীদের মধ্যে পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, কসমিক কালচারের সভাপতি ড. অনীশ মণ্ডল, সাধারণ সম্পাদক যোয়েল কর্মকার প্রমুখ। এর আগে ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার, কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম প্রমুখ।

রাজশাহীতে বঙ্গবন্ধু

মিডিয়া ক্রিকেট শুরু

 স্টাফ রিপোর্টার, রাজশাহী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘বঙ্গবন্ধু মিডিয়া ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী দিনে সুপার হিরোকে হারিয়ে ম্যাচ জিতেছে দি গ্রেট লিডার দল।

গতকাল শনিবার জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছয় দলের এ আসরের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্রমুখ।

চট্টগ্রামে একইসঙ্গে প্রিমিয়ার ও

প্রথম বিভাগ দাবা শুরু আজ

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ আজ রবিবার শুরু হচ্ছে। প্রিমিয়ারের আটটি ও প্রথম বিভাগের ২১ দলের ১৪৫ দাবাড়ু উভয় লিগে সাত রাউন্ড রবীন ও সুইস লিগ পদ্ধতিতে খেলবে। লিগ আয়োজনের বাজেট দুই লাখ টাকা দিচ্ছে জাহেদ অ্যান্ড ব্রাদার্স নামের এক প্রতিষ্ঠান।

সিজেকেএস কনভেনশন হলে সকাল থেকে খেলা শুরু হবে। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল তিনটায়। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগের খুঁটিনাটি তুলে ধরেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এমডি জাহেদুল হক।

চট্টগ্রামে কিশোর ফুটবলে নতুন চ্যাম্পিয়ন আলোর ঠিকানা

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আলোর ঠিকানা চট্টগ্রামে এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আলোর ঠিকানা ৩-১ গোলে গতবারের চ্যাম্পিয়ন দল মাদারবাড়ি শোভনীয়া ক্লাবকে পরাজিত করে। জয়ী দলের রিজভী দুটি, আসিফ এবং বিজিত দলের রহিম গোল করেন।

খেলা শেষে এলিট পেইন্ট গ্রুপের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস এম শহিদুল ইসলাম, সম্পাদক ওয়াহিদ দুলাল, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান, সদস্য কাজি জসিম এই সময় উপস্থিত ছিলেন।