বিশেষ প্রতিনিধি
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অনুপ্রবেশকারী চারটি বিদেশি মাছ ধরার ট্রলার ও ২৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী জাহাজ ওমর ফারুক। সী হর্স, ওয়াসানা-১, ওয়াসানা-৩, সানজু পুথা-৭ নামের ট্রলার চারটি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল প্রদানকালে বানৌজা ওমর ফারুক উক্ত ট্রলার চারটিকে আটক করে। উদ্ধারকৃত ট্রলার ও জেলেদেরকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় তিনটি বৃহত্ মত্স্য বিচরণ ক্ষেত্র বিদ্যমান। সর্ববৃহত্ মত্স্য বিচরণক্ষেত্রটি এশিয়ার মধ্যে অত্যন্ত মূল্যবান টুনা মাছের আদর্শ বিচরণক্ষেত্র হিসেবে বিশ্বে সুপরিচিত। অল্পসংখ্যক দেশীয় ফিশিং ট্রলার এই বিচরণ ক্ষেত্রে মত্স্য আহরণ করে থাকে। বর্তমানে বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্লু-ইকোনমি সংরক্ষণ, সমুদ্র সম্পদ আহরণ, মত্স্য সম্পদের সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও মত্স্য শিকার রোধ, চোরাচালান দমন ও জেলেদের নিরাপত্তা বিধানে নৌবাহিনীর ছয়টি জাহাজ দিন-রাত সার্বক্ষণিকভাবে গভীর সমুদ্র ও উপকুলীয় এলাকায় নিয়মিতভাবে টহল প্রদান করে চলেছে।
