ভাষাশহিদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবসে ভাষাশহিদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে ভাষাশহিদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হন হাজার হাজার মানুষ। রাত ১২টার পূর্বেই ভাষাশহিদের বাড়িসংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়।

রাত ১২টা ১ মিনিটে শহিদবেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, গফরগাঁও প্রেসক্লাব. সূূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গত শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ভাষাশহিদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।