মঠবাড়িয়ায় লাঙ্গল ও ধানের শীষের দ্বিমুখী লড়াই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

পিরোজপুর-৩ আসন

পিরোজপুর অফিস ও মঠবাড়িয়া সংবাদদাতা

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) একক আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। এ আসনে মহজোটের লাঙ্গল, বিএনপির ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের প্রচারণায় নির্বাচনী মাঠ এখন সরগরম। তবে এ আসনে মহাজোটে জাতীয় পার্টির (এরশাদ) ডা. রুস্তুম আলী ফরাজিকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের একাংশের গুরুত্বপূর্ণ নেতারাসহ তৃণমূলের বড় একটি অংশ বিক্ষুব্ধ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। দলের বড় একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে  উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে নিয়ে স্বতন্ত্র প্রতীক আপেল নিয়ে মাঠে নেমেছিল। এতে মহাজোট ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিভাজন তৈরি হওয়ায় মাঠ পর্যায়ে নানা সংকট দেখা দেয়। অবশেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা অওয়ামী লীগের এক সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের উপস্থিতিতে তিনি স্বতন্ত্র  প্রার্থী থেকে সরে দাঁড়ান। এরপর থেকে জোটের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপ দৃশ্যত এক হয়ে নির্বাচনী মাঠ সরব করছে।

অপরদিকে দীর্ঘদিন বিরোধী দলে থাকা নতুন মুখ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল নির্বাচনী মাঠে এখন শক্তিশালী প্রার্থী হিসেবে কৌশলে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি স্থানীয় বিএনপিতে একজন ত্যাগী নেতা। তবে দীর্ঘদিন ধরে কোন্দলে দল দুই ধারায় বিভিক্ত ছিল। এবার তারা দলের হাই কমান্ডের নির্দেশে নেতাকর্মীরা বিভেদ ভুলে একাট্টা হয়েছেন। ফলে স্থানীয় মঠবাড়িয়ার বিএনপি ভোটের মাঠে এখন আগের চেয়ে চাঙা হয়ে উঠেছে। ভোটাররা মনে করছেন এবার বিএনপির নতুন প্রার্থী রুহুল আমীন দুলালের সাথে লড়াইটাও বেশ চ্যালেঞ্জের।

মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি এ আসনে প্রথম ১৯৯৬ সালে জাতীয় পাটির, ২০০১ সালে বিএনপি ও ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ডা. ফরাজির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলে তার দলের নেতা ও কর্মী সমর্থকরা দাবি করছেন।

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষ প্রতীকেরই জয় হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের কান্ডারি। দেশের মানুষের জীবনমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

একক এ আসনে মহাজোটের লাঙ্গল ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় হাট জনপদ মুখরিত হয়ে উঠেছে। এ আসনে লাঙ্গল ও ধানের শীষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সবাই ধারণা করছেন।