‘উইমেন এমপাওয়ারমেন্ট মিট-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
সমাজ ও দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। কারণ নারীরা পিছিয়ে থাকলে সমাজ ও দেশ এগোবে না। আর এ জন্য সব সেক্টরে নারীর দক্ষতা বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন পরিবারসহ সমাজের সহযোগিতা এবং নারীর প্রতি সম্মান প্রদর্শনে পুরুষদের সহযোগিতা করার আহ্বান জানান।
গতকাল শনিবার সকালে গুলশান সিটি আলো সেন্টারে নারী বিষয়ক অনুষ্ঠান ‘উইমেন এমপাওয়ারমেন্ট মিট-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘নারীর সাফল্যে স্বপ্নের অনুপ্রেরণা’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে নারী বিষয়ক সংগঠন ‘পাওয়ার অফ শী’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, দেশে নারী নেতৃত্ব আরো বৃদ্ধি করা প্রয়োজন। কারণ নারীদের যে কোনো সমস্যার বিষয়ে সরকার আন্তরিক। নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে এ সময় পুরুষসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, নারীরা পিছিয়ে থাকলে সমাজ এগোবে না। এ ক্ষেত্রে সমাজে নারীর পাশে পুরুষদেরই এগিয়ে আসতে হবে। মেয়েদের যৌন হয়রানি প্রতিরোধ ও কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যের বিষয়ে পরিবার এখন অনেক সচেতন। স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে কাজ করায় ‘পাওয়ার অফ শী’কে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, সিটি ব্যাংক শুধু বাণিজ্যিক নয়, সমাজে উইমেন প্ল্যাটফরমের মাধ্যমে নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে পাওয়ার অফ শীর যে কোনো উদ্যোগের সঙ্গে তার প্রতিষ্ঠান ভবিষ্যতেও যুক্ত থাকবে।
সভাপতির বক্তব্যে পাওয়ার অফ শীর প্রধান সাবিনা স্যাবি বলেন, দেশে নারীর ক্ষমতায়নের জন্য নারীকে সব সেক্টরে নিজের দক্ষতা বাড়াতে হবে। সে ক্ষেত্রে প্রয়োজন পরিবারসহ সমাজের সহযোগিতা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজী টিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, ইন্ডিপেনডেন্টে টেলিভিশনের নির্বাহী প্রযোজক পিয়া রহমানসহ আরো অনেকে।
