চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী নৌকার প্রার্থীকে সমর্থন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী আসনে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী অ্যাড. নুরুল আমীন রুহুলেকে সমর্থন দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে জাতীয় পার্টির নৌকা প্রার্থীর পক্ষে সমর্থন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান। মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনে নৌকার প্রার্থী অ্যাড. নুরুল আমীন রুহুল।

এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু শংকর নাগ, সাধারণ সম্পাদক এস এম এম সেলিম সরকার, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কামাল আজম, যুবসংহতি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন ছিদ্দিকী, যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য জিসান আহমদ রিপন, মতলব উত্তর উপজেলা যুবসংহতির সাবেক সভাপতি ও জাপা’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামীমুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক  প্রভাষক আলমাছ মিয়া, মতলব দক্ষিণ উপজেলা যুবসংহতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার প্রমুখ।

জাতীয় পার্টির নেতারা বলেন, এ আসনে জাতীয় পার্টি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি জনবিচ্ছিন্ন এবং দলীয় নেতা-কর্মীদের সাথে তার কোনো সমন্বয় নেই। তাই আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকার প্রার্থীকে সমর্থন দিলাম।