করোনা ভাইরাসের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

বিতর্ক প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা

ইত্তেফাক রিপোর্ট

‘করোনা ভাইরাস বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে’—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ভাইরাসের প্রভাব শুধু যে বাংলাদেশে পড়বে তা নয়, সারা বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। তবে অন্যান্য অনেক দেশ চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে নিজস্ব উত্পাদন বাড়ানোর চেষ্টা করবে। এই উদ্যোগ বাংলাদেশকেও নেওয়া উচিত। গতকাল রাজধানীর এফডিসিতে ঐ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসি’ ছায়া সংসদের আদলে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেন, করোনা ভাইরাস ৫-১০ বছর থাকবে না। এটা নিশ্চয়ই ছয় মাস বা এক বছরের মধ্যে সামাল দেওয়া সম্ভব হবে। কিন্তু বাইরের কোনো দেশের ওপর যদি আমরা নির্ভর হয়ে পড়ি তাহলে আগে পরে যখনেই কোনো সমস্যা দেখা দেবে, তখন সেটা মোকাবিলা করা আমাদের কঠিন হয়ে পড়বে। পোশাক শিল্প সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে পোশাক শিল্প ১০ থেকে ২০ বছর স্থায়ী হবে। এরপর আস্তে আস্তে উঠে যাবে। কারিগরি উন্নতির কারণে অনেক দেশ এখন প্রতিযোগিতামূলক দামে পোশাক উত্পাদন করতে সক্ষম। বাংলাদেশেও কারিগরি উদ্যোগ শুরু হয়েছে। ফলে বাংলাদেশে বিনিয়োগ কমে যাবে। পোশাক হয়তো আমরা রফতানি করতে পারব। কিন্তু পোশাক শ্রমিকের সংখ্যা কমে আসবে। এই প্রেক্ষিতে আমাদের সামগ্রিকভাবে অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করা দরকার আছে।

ছায়া সংসদের মক স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনা ভাইরাসের এই পরিস্থিতি আরো দীর্ঘায়িত হলে আমাদের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হবে। দেশের রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিতে পারে। চীন থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত দ্রব্য, কাগজসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি ব্যাহত হলে আমাদের রপ্তানি বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়বে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা দেখেছি স্বল্প বিনিয়োগে লাভজনক কাঁকড়া-কুঁচিয়া ব্যবসায় ব্যাপক ধস নেমেছে।

মোবাইল অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দীন আহমেদ বলেন, করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। চীন থেকে টেলিকম সামগ্রী আমদানি এরই মধ্যে কমে গেছে। এগুলো অন্যদেশ থেকে আনতে হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে শুধু টেলিকম খাতেই নয়, প্রভাব পড়বে সব খাতেই। তবে দীর্ঘমেয়াদি নয়, স্বল্পমেয়াদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী এবং ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ স্বদেশ রঞ্জন সাহা, এফসিএ প্রমুখ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শেয়ার মার্কেট বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন, ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ মাহাবুব এইচ মজুমদার এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইশতার মহল এবং সাংবাদিক কাজী আজিজুল ইসলাম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।