‘বাজারে অনুশীলন বই আছে, নোট-গাইডের অস্তিত্ব নেই’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

১২টি সংগঠনের সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে কোনো ‘নোট গাইড’ বই নেই বলে দাবি করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সংগঠনের নেতারা বলেন, অনুশীলনমূলক বইকে নোট গাইডের তকমা দিয়ে বিক্রি বন্ধ করার প্রস্তাব করা হয়েছে আইনে। এই বিধিনিষেধ আরোপের যে প্রস্তাব তা শিক্ষাখাত তথা জাতির বৃহত্তর স্বার্থে পুনর্বিবেচনার দাবি রাখে। তা না হলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯-এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ ১২টি সংগঠন। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি সারা দেশের বইয়ের দোকান বন্ধ রেখে মানববন্ধন করবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রস্তাবিত শিক্ষা আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞা ঠিক করার দাবি করে সংগঠনের সভাপতি কামরুল হাসান শায়খ বলেন, আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞায়িত করতে হবে। অনুশীলন বইয়ের মানোন্নয়ন এবং অনিয়ম নিয়ন্ত্রণের জন্য মনিটরিং সেল গঠন করা যেতে পারে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি শ্যামল পাল, সহ-সভাপতি মির্জা আলী আশরাফ কাশেম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজধানী কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।