গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ. লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী।
গতকাল সোমবার বামনডাঙ্গা মাস্টারপাড়াস্থ প্রার্থীর নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী লিখিত বক্তব্যে বলেন, মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এছাড়া আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে আ.লীগ নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগ সদস্য দীপক কুমার বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মোক্তাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র শীল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা রহমান, ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাবেদ, কঞ্চিবাড়ী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ডা. শফিউল আলম প্রমুখ।
