বান্দরবানের জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় আতঙ্কে মারা গেছেন আরো একজন বয়স্ক ব্যক্তি। ঘটনার সময় আরো পাঁচ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গতকাল শনিবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়িতে অস্ত্রধারী ১০-১২ জন সন্ত্রাসীর দল গতকাল সন্ধ্যা ৭টার দিকে হঠাত্ এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচুনো মারমা (৫৪) নিহত হন এবং আতঙ্কে স্ট্রোক করে মারা যান বাখোয়াই মারমা (৬৩) নামে এক ব্যক্তি। সন্ত্রাসীদের গুলিতে আহত হন, সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) এবং আধাসী (২৬) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি। গুলিবর্ষণের ঘটনার পর আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। জামছড়ি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।
