বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
সোমবার বিকালে বড়াইগ্রামে দ্রুতগতির সবজি বোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড় করানো পুলিশবাহী মাইক্রোবাসের উপরে উল্টে পড়লে হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম রুবেল হোসেন (৩৮)। দুর্ঘটনায় আরো দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রুবেল বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত এবং পাবনা সদরের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের কয়েন কবরস্থানের সামনে হাইওয়ে পুলিশের একটি টিম ডিউটিরত ছিল। এ সময় পুলিশ বহনের কাজে নিয়োজিত মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী দ্রুতগতির সবজি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের উপরে উল্টে পড়ে। এতে মাইক্রোবাসের ভেতরে বসে থাকা কনস্টেবল রুবেল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
