ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তিনি মার্কিন নির্বাচন থেকে রাশিয়াকে দূরে থাকতে বলেছেন। মস্কো আগামী নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য গোয়েন্দাদের কাছ থেকে পাওয়ার পর স্যান্ডার্স এমন হুঁশিয়ারি দিলেন। খবর রয়টার্সের
রাশিয়া মার্কিন গোয়েন্দাদের অভিযোগ অস্বীকার করেছে। তবে মার্কিন গোয়েন্দারা বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই নির্বাচনে হস্তক্ষেপ করতে শুরু করেছে। তারা প্রচারণায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। স্যান্ডার্স প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে বলেন, ‘গোয়েন্দারা আমাকে বলেছে, মস্কো এখন থেকেই হস্তক্ষেপ করতে শুরু করেছে। আমি আপনাকে বলতে চাই যে, আমি যেন বিশ্বাস করতে পারি যে রাশিয়া আসন্ন নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছে না’। ক্যালিফোর্নিয়ার ব্যাকার্সফিল্ডে শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন স্যান্ডার্স। ৭৮ বছর বয়সী স্যান্ডার্স নেভাদা ককাসে জয় পাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার ককাসে ভোটাভুটি হবে।
