‘রয়্যাল’ শব্দ ব্যবহার না করার ঘোষণা হ্যারি-মেগানের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৩

ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ‘রয়্যাল’ শব্দটি আর ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তারা ঘোষণা দিয়েছেন যে, তাদের নতুন জীবনে আর এই শব্দটি ব্যবহার হবে না। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন ওঠার পর এই ঘোষণা দিলেন হ্যারি ও মেগান। খবর সিএনএনের

ডিউক ও ডাচেস অব সাসেক্সের মুখপাত্র বলেন, তাদের অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাসেক্স রয়্যাল ফাউন্ডেশন’ নামে পরিচিত হবে না। মুখপাত্র জানান, চলতি বছরের গ্রীষ্মের পর কোথাও তারা ‘সাসেক্স রয়্যাল’ শব্দ ব্যবহার করবেন না। গত মাসে রাজপরিবার ছাড়ার ঘোষণা দিয়ে প্রিন্স হ্যারি ও মেগান বিশ্বে আলোড়ন তোলেন। তারা রাজপরিবারের আর কোনো দায়িত্বে থাকবেন না বলেও জানান। রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজপরিবার তাদের সিদ্ধান্তে সমর্থন দেন। তবে তারা ‘সাসেক্স রয়্যাল’ শব্দ ব্যহার করে আসছিলেন বিভিন্ন ক্ষেত্রে। বিষয়টি নিয়ে রাজপরিবর পর্যালোচনা করছে বলে একটি সূত্র সম্প্রতি জানায়। এরপরই হ্যারি ও মেগান সাকেক্স রয়্যাল ব্যবহার না করার সিদ্ধান্ত জানালেন। এই শব্দটি তাদের পোশাক, কাগজপত্র ও স্বেচ্ছাসেবী সংস্থার তহবিল সংগ্রহে ব্যবহার করা হয়।         শুক্রবার মুখপাত্র বলেন, ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করা হয়েছে। সুরক্ষার ব্যবস্থা হিসেবে এই আবেদন করা হয়েছিল বলে জানান মুখপাত্র। এর আগে হ্যারি ও মেগান ‘হিজ অথবা হার রয়্যাল হাইনেস’ ব্যবহার না করারও সিদ্ধান্ত নেন।