মির্জাপুরে লেগুনা-ভ্যান সংঘর্ষে তিন নারীসহ চার শ্রমিক নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৩

গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লেগুনা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিন নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো ১০ জন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল শনিবার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে লেগুনা-কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। হতাহতরা সবাই শ্রমিক এবং লেগুনার যাত্রী। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোদালিয়া যুঁইযুঁথি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর বেগম (২০), একই গ্রামের অমুল্য দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), কোনাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী রাশিদা বেগম (২৯) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৮)। আহত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের চিকিত্সকেরা।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান এবং গোড়াই হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক মো. নাজমুল আলম জানান, গতকাল ভোরে কালিয়াকৈর থেকে মির্জাপুরগামী ১৫-১৬ জন যাত্রী নিয়ে একটি লেগুনা ফিলিং স্টেশনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইল থেকে ঢাকাগামী মালবাহী অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহানুর ও তপন চন্দ্র মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুরে মর্জিনা ও রাশিদা মারা যান। ঘটনার পর ক্যাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, গতকাল সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ১০ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় শ্যালোইঞ্জিন চালিত গাড়ির চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে গাড়িচালক শুকুর আলী (৩৬) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে হেলপার আলামিন (২০)। এ ঘটনায় রিপন নামে এক পথচারী আহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাউল করিম জানান, ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। চালক পালিয়েছে।

সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, সুজানগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন—উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের জোনা গ্রামের মৃত কছিম উদ্দিন শেখের ছেলে সাবেক ইউপি সদস্য মুন্নাফ হোসেন (৫২) ও রওশন আলী সরদারের ছেলে রবিউল ইসলাম (২২)। সুজানগর থানা পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে  মুন্নাফ ও রবিউল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার শ্যামগঞ্জ হাটে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সুজানগর-নাজিরগঞ্জ সড়কের মালফিয়া দর্গাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা ফিডমিল এলাকায় নসিমন উলটে গিয়ে হাফিজুল ইসলাম (৭০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন নসিমন চালকসহ চার জন। নিহত হাফিজুল বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুখুরিয়া গ্রামের আইনউদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফিজুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনে করে পাঁচটি গরু নিয়ে বোদা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ফিডমিল এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নসিমনটি উলটে যায়। এতে হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নসিমন চালক আনোয়ার হোসেন, গরু ব্যবসায়ী পসিরত, সিরাজুল ইসলাম ও মকবুল হোসেন। আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, শনিবার সন্ধ্যায় শহরের কালীতলা রোডে মাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে  শ্যামল সাহা (৫৫) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় জাফর মুন্সী নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মুকসুদপুর সদর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মুন্সী (৬০) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে। মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, ঘাতক বাসটি এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের তাড়াশে অটোভ্যানের ধাক্কায় জিম খাতুন (৫) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের ধোপাগাড়ি গ্রামের জেলহকের মেয়ে। শনিবার বিকালে তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ফারুক সদর উপজেলার গড়পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, শনিবার ভোর রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে ট্রাকচাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক রিকশাচালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী আমজাদ হোসেনের (৬৫) বাড়ি নগরীর ডাশমারী এলাকায়। আহত রিকশাচালক মাহাতাব আলীর বাড়ি বাঘা উপজেলার মিরগঞ্জে।