আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শিক্ষাঙ্গন হতে হবে মাদক-ধূমপান-সন্ত্রাসমুক্ত। শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এটা মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় নেতার নামে এই মেডিক্যাল কলেজটির যেন কোনোভাবে কোনো কারণে সুনাম নষ্ট না হয়।
গতকাল শনিবার সকালে শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নবনির্মিত অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. মাহবুব প্রমুখ।
