মেসির ‘পোকারে’ শীর্ষে ফিরল বার্সা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০২

চার ম্যাচের গোলখরা গুণে গুণে ঠিক চার গোল করেই কাটালেন লিওনেল মেসি। তার নৈপুণ্যে বার্সেলোনা ৫-০ গোলে এসডি এইবারকে তো হারিয়েছেই, রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষেও উঠে এসেছে।

বার্সা অধিনায়ক গতকাল শনিবার হ্যাটট্রিকের দেখা পেয়ে গিয়েছিলেন প্রথমার্ধেই। ১৪ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরের গোলটি আসে রক্ষণের ভুল থেকে। এর মিনিট চারেক পর আবারও মেসির গোলে তিন গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধের একটা বড়ো সময় এইবারের আক্রমণ সহ্য করা বার্সা আবারও গোলোত্সবে মাতে ম্যাচের শেষ দিকে। ৮৭ মিনিটে অভিষিক্ত মার্টিন ব্রাথওয়েটের নিচু ক্রসে গোল করে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ‘পোকার’ বা ম্যাচে চার গোলের দেখা পান মেসি। পরের গোলটির উত্সও মার্টিন। তার শট থামালেও ফিরতি সুযোগে আর্থার মেলোর চেষ্টা রুখতে পারেননি গোলরক্ষক।

এর ফলে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে লিগের শীর্ষে উঠে এসেছে বার্সা। অবশ্য গতরাতে রিয়াল লেভান্তেকে হারিয়ে থাকলে আবারও ফিরে পাবে ১ নম্বর জায়গাটি।