সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার সকাল থেকে সর্বোচ্চ আদালতের প্রবেশপথে তল্লাশি ও পরিচয় নিশ্চিত হয়ে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনটি দিনের কার্যতালিকার এক নম্বরে রয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী। 

হাইকোর্টে দাখিলকৃত জামিন আবেদনে বলা হয়েছে, গত দুই বছর ধরে কারাগারে আছেন খালেদা জিয়া। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও একজন বয়স্ক নারী। দিনের পর দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অন্যদের সাহায্য ছাড়া সে চলাফেরা করতে পারে না। এমনকি নিজে কোন খাবার ও অন্যের সহযোগিতা ছাড়া সে ওষুধও গ্রহণ করতে পারেন না। এ কারণে যুক্তরাজ্যের মত দেশে অ্যাডভান্স ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন। এজন্য মানবিক কারণে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ আদালত-৫। এরপর থেকে তিনি কারাবন্দী। 

শারীরিক অসুস্থতার কারণে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন থেকে তিনি সেখানেই আছেন। 

ইত্তেফাক/জেডএইচ