বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৭

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফুল ইসলাম জনি (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকা থেকে রাজিব ও হাসান নামে দুইজনকে আটক করেছে। নিহত শরীফুল ইসলাম জনি কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁন্দপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের মা জোসনা বেগম জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তার ছেলে শরীফুল ইসলাম জনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান। পুরাতন চৌধুরীপাড়া এলাকায় তারা তিনজন মিলে জনিকে ছুরিকাঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থা দেখে এলাকাবাসী চিৎকার করলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের পেটে ছুরি মারা হয়েছে, সেখান থেকে রক্ত ঝরছে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা নেওয়ার পথে জেলার দাউদকান্দি এলাকায় পৌঁছলে জনি মারা যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় রাজিব ও হাসান নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি