‘সরকারি জায়গায় ঘর তুলছি, পারলে সরকার তুলে দেবে’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সড়কের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজমান এলাকায় সড়কের ঢালে ব্যক্তিগতভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘর নির্মাণ কাজ চলছে। 

জানা যায়, নগরবাড়ী মহাসড়কের সংযোগ সড়ক গাড়াদহ বকুলতলা-মোহনপুর প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়ক পথে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটি দুইটি উপজেলা উল্লাপাড়া ও শাহজাদপুরের সংযোগ সড়ক। 

সরেজমিনে, রাজমান এলাকায় সড়কটির ঢালে প্রায় পাঁচ ফুট গর্ত করে স্থানীয় গ্রিনল্যান্ড ডিজিটাল বিদ্যানিকেতন নামের ব্যক্তি মালিকানার একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘরটি নির্মাণ করা হচ্ছে। এখন টিনের ছাউনির কাজ চলছে।

আরও পড়ুন: সড়ক নির্মাণে ইটের বদলে রাবিশ বিটুমিনের বদলে পোড়া মবিল

সরকারি সড়কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণকারী মো. জয়নুল হক জানান, ‘সরকারি জায়গায় ঘর তুলছি, পাড়লে সরকার তুলে দেবে।’

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ সড়কটি আরও চওড়া করতে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও উপজেলা প্রকৌশলী মো. নাঈম উদ্দিন জানান, সরকারি সড়কের জায়গায় অবকাঠামো নির্মাণ পুরোপুরি অবৈধ। বিষয়টি জরুরিভাবে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এসি