স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলধারা যেন থামছেই না। শনিবার রাতে স্পালের বিপক্ষে গোল করে সিরি’আয় টানা ১১ ম্যাচে গোল করার কীর্তি গড়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফ্যাবিও কাগলিয়ারেল্লার পাশে চলে এসেছেন তিনি। তার এমন কীর্তির দিনে জুভেন্তাসও পেয়েছে ২-১ ব্যবধানের জয়।
স্পালের বিপক্ষে ম্যাচটি ছিল রোনালদোর সিনিয়র ক্যারিয়ারের হাজারতম ম্যাচ। এদিন খেলার ৩৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৬০ মিনিটে অ্যারন রামসের গোলে ব্যবধান বাড়ায় সিরি’আ শিরোপাধারীরা। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে সফরকারীরা ব্যবধান কমালেও জয়ে কোনো সমস্যাই হয়নি জুভেন্তাসের।
এ ম্যাচের লক্ষ্যভেদ সিরি’আয় টানা গোলের রেকর্ডের খাতায় রোনালদোর নাম তুলে দিয়েছে। তবে আপাতত তাকে শীর্ষস্থানটা ভাগাভাগি করতে হচ্ছে বাতিস্তুতা ও কাগলিয়ারেল্লার সঙ্গে। সাবেক ফিওরেন্তিনা কিংবদন্তি বাতিস্তুতার টানা ১১ ম্যাচে গোলের রেকর্ডটি এসেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে। আর সাম্পদরিয়ার ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড কাগলিয়ারেল্লা গত মৌসুমে স্পর্শ করেন সাবেক আর্জেন্টাইন তারকার রেকর্ডটি। আগামী রোববার ইন্টার মিলানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জুভেন্তাস। সেদিন গোল করতে পারলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিবেন রোনালদো। বর্তমান ফরম যেমন চলছে, তাতে রেকর্ডটা ভাঙাই খুব সম্ভব বলে মনে হচ্ছে। চলতি মৌসুমে ইতালিয়ান লিগে এখন পর্যন্ত ২১ বার লক্ষ্যভেদ করেছেন রোনালদো।
