আপাতত প্রিমিয়ার হকির খবর নেই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

এ বছর দেশে দুটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজন হবে। কিন্তু স্থানীয় খেলোয়াড়দের রুটি রোজগারের আসল জায়গা প্রিমিয়ার হকি লিগের আপাতত কোনো খবর নেই।

গতকাল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকির (অনূর্ধ্ব-২১) বাছাই টুর্নামেন্টের লোগো উন্মোচনের দিনে প্রিমিয়ার হকি লিগ ও জাতীয় দলের খেলা নিয়ে কথা ওঠে। প্রায় দুই বছর প্রিমিয়ার হকি লিগ নেই। খেলোয়াড়দের রুটি রুজির জায়গা হচ্ছে ক্লাব হকি। কিন্তু ক্লাব টেবিলে বন্দি লিগটি। যেসব খেলোয়াড় ইউরোপে গিয়ে খেলার সুযোগ পেতো সেটিও বন্ধ।

প্রিমিয়ার লিগের প্রশ্নে বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘লিগ তো অবশ্যই হবে। তবে আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে করতে চাই। আমরা অনেক কিছু করতে গিয়ে সব কিছুর খেই হারিয়ে ফেলতে চাই না। ক্রমান্বয়ে সব কিছুই হবে।’ আগেই জানানো হয়েছিল জুনিয়র এশিয়া কাপ হকির (অনূর্ধ্ব-২১) বাছাই ৪-১২ জুন ঢাকায় হবে। তারই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক হকি ফেডারেশন গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে ভেন্যু হিসেবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে স্বীকৃতি দেয়।

জুনিয়র এশিয়া কাপ আয়োজনে সব রকম সহযোগিতা দেবে এশিয়ান হকি ফেডারেশন। এশিয়ান হকির প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম ঢাকায় এসে সমঝোতা চুক্তির পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন নভেম্বরে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে।

যুব বিশ্বকাপ হকির আসর বসবে ভারতে। সেখানে ১৬টা দেশ খেলবে। তার আগে ঢাকায় জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, চীন, উজবেকিস্তান, ওমান, মালয়েশিয়াসহ ১০ দেশ খেলবে। এই ১০ দেশের মধ্যে চারটি দেশ আগামী জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলবে। স্বাগতিক দেশ হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপটিতে খেলবে। তবে জুনিয়র এশিয়া কাপের লড়াইয়ে চার দেশের মধ্যে ভারত থাকলে তখন তিন দেশ যাবে জুনিয়র বিশ্বকাপে। হকি ফেডারেশন মনে করছে বাংলাদেশ জুনিয়র বিশ্বকাপে ঢুকতে পারে। সেই সুযোগ নেবে বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপ হকির লোগো উন্মোচন অনুষ্ঠানে পৃষ্ঠপোষক আল আরাফ ইসলামি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়  সোনারগাঁ হোটেলে। হকি ফেডারেশরেন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, সাজেদ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ ফেডারেশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জুনিয়র এশিয়া কাপে চীন আসবে বাংলাদেশে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দুনিয়া জুড়ে। তৈয়ব ইকরাম বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতে এখনো নির্দেশনা পাইনি। সামনে টোকিও অলিম্পিক গেমস রয়েছে। তারও এক মাস আগে ঢাকায় খেলা হবে।’