ওয়েলিংটন টেস্ট
স্পোর্টস রিপোর্টার
ট্রেন্ট বোল্ট প্রথমে ব্যাট হাতে দীর্ঘায়িত করেছেন ভারতের যন্ত্রণা। রীতিমতো রান পাহাড়ে চড়েছে নিউজিল্যান্ড। এরপর বল হাতেও ভারতকে ভুগিয়েছেন সেই বোল্ট। নিজে ৩ উইকেট নিয়েছেন; ভারত দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। ৬ উইকেট হাতে নিয়ে এখনো নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৩৯ রান পিছিয়ে আছে সফরকারী ভারত।
প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে অলআউট হয়েছিল। টিম সাউদি ও অভিষিক্ত জেমিসন ৪টি করে উইকেট নেন। সেখানেই ভারত আসলে সিরিজের প্রথম টেস্টে পিছিয়ে পড়ে। এরপর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গতকাল অলআউট হওয়ার আগে ৩৪৮ রান করে। আগের দিনের ৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আগের দিন ৮৯ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ৪৪ রান করে রস টেলর দলকে টেনে নিয়ে গিয়েছিলেন।
গতকাল অপরাজিত ওয়াটলিং আর বেশিদূর যেতে পারেননি। তবে গ্র্যান্ডহোম ৪৩ রান করে আউট হন। তবে ভারতকে আসল যন্ত্রণা দেয় জেমিসন ও বোল্টের শেষ জুটি। জেমিসন ৪৪ রান ও বোল্ট ৩৮ রান করেন। এরপর জবাব দিতে নেমে আবার বিপাকে পড়ে ভারত। ৯৬ রানে হারিয়ে ফেলে তারা ৩ উইকেট। পৃথ্বি শ, পুজারা ও কোহলির উইকেট তুলে নেন বোল্ট। এরপর ভালো এগোতে থাকা আগারওয়ালকে আউট করেন সাউদি।
