সিগারেট কেনার টাকা বকেয়া রেখে গেছেন রাণী ভিক্টোরিয়ার কন্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

বিবিসি

আলাদা ধরনের জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন প্রিন্সেস লুইজ। লন্ডনের একজন সিগারেট বিক্রেতার কাছে সিগারেট কেনার ১৫ শিলিং বকেয়া রেখেই মারা যান রাণী ভিক্টোরিয়ার চতুর্থ কন্যা প্রিন্সেস লুইজ। নথিপত্রে এই তথ্য বেরিয়ে এসেছে।

প্রিন্সেস লুইজ ১৯৩৯ সালে মারা যান যখন তার বয়স হয়েছিল ৯১ বছর। কিন্তু তখনো তার কাছে সিগারেট কেনার জন্য অর্থ পেতো বাকিংহ্যাম প্যালেস এবং সেন্ট লুইস প্যালেসের মাঝামাঝিতে অবস্থিত আর লেউইস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

এ বছরের শুরুর দিকে প্রিন্সেস লুইজের সম্পদের বিবরণী প্রকাশ করেছে ন্যাশনাল আর্কাইভ ইন কেইউ। ইতিহাসবিদরা বলছেন, কারো ব্যক্তিগত নথিপত্র প্রকাশ করার বিষয়টি বেশ ব্যতিক্রমী, যেহেতু এসব নথি সাধারণত সিল করা থাকে। বিখ্যাত শিল্পী হিসাবেও পরিচিত এই রাজকুমারী ছিলেন রাণী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের ষষ্ঠ সন্তান এবং চতুর্থ কন্যা। নিজের আলাদা ধরনের জীবনযাত্রার জন্য তার বেশ পরিচিত ছিল।

নথিপত্র অনুযায়ী, মারা যাওয়ার সময় প্রিন্সেস লুইজ ২ লাখ ৩৯ হাজার ২৬০ পাউন্ড, ১৮ শিলিং এবং ছয়পেন্স রেখে যান, বর্তমানের হিসাবে যার মূল্য ৭০ মিলিয়ন পাউন্ডের বেশি। তবে সিগারেট কেনার ১৫ শিলিংয়ের দাম বকেয়াই থেকে যায়।