এক্সনের তেল অনুসন্ধানকারী জাহাজকে বাধা ভেনিজুয়েলার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২২:১০

রয়টার্স

ভেনিজুয়েলার নৌবাহিনী গায়ানার উপকূলে তেল অনুসন্ধানকারী একটি জাহাজকে বাধা দিয়েছে। জাহাজটি এক্সন মোবাইল করপোরেশনের পক্ষ থেকে সেখানে তেল অনুসন্ধানে যাচ্ছিল। গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধানকারী জাহাজটি তাদের জলসীমার মধ্যে থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করছিল। অথচ প্রতিবেশী দেশ ভেনিজুয়েলা দাবি করেছে এটা তাদের জলসীমার মধ্যে পড়েছে। এ নিয়ে দু্ই দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি গায়ানা উপকূলে অনেক তেলক্ষেত্র অবিষ্কারের মাধ্যমে দেশটির ল্যাটিন আমেরিকার বৃহত্তম তেল উত্পাদনকারী দেশে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অপরদিকে অর্থনৈতিক সংকটে থাকা ওপেক সদস্য ভেনিজুয়েলার অপরিশোধিত তেলের উত্পাদন প্রায় ৭০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে; এ পরিস্থিতিতেই দুই দেশের শতাব্দী প্রাচীন সীমান্ত সমস্যা নিয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে। নরওয়ের কোম্পানি পেট্রোলিয়াম জিও-সার্ভিসেস (পিজিএস) এর জাহাজ ‘দ্য রামফর্ম টেথিস’ সাগরের ওই এলাকায় এক্সনের পক্ষ থেকে সিসমিক জরিপ চালিয়ে তেল অনুসন্ধান করছিল, ভেনিজুয়েলার নৌবাহিনী তাদের দিকে এগিয়ে এলে জাহাজটি অনুসন্ধান বন্ধ করে পূর্ব দিকে মুখ ঘুরিয়ে নেয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পিজিএসের মুখপাত্র বার্ড স্টেনবার্গ। গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে ‘একে অবৈধ, আক্রমণাত্মক ও শত্রুতামূলক আচরণ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনায় পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী কর্তৃক গায়ানার অর্থনৈতিক উন্নয়নের প্রতি প্রকৃত হুমকি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের সার্বভৌমত্ব ও অক্ষুণ্নতা লঙ্ঘিত হয়েছে। এই ঘটনার বিষয়ে তারা জাতিসংঘের কাছে প্রতিবেদন পেশ করবে এবং ভেনিজুয়েলা সরকারকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করবে বলে জানিয়েছে গায়ানার মন্ত্রণালয়টি।